Saturday, 20 January 2024

গল্প কাল্পনিক মন্তব্য সত্য

 আব্দুল মান্নান মল্লিক 


গল্প কাল্পনিক মন্তব্য সত্য


দীর্ঘদিন ধরে একটি ভুলকে বুকের মধ্যে আঁকড়ে ধরে বয়ে বেড়াচ্ছি। সেই ভুল আজও আমার মনকে  বিচলিত করেই চলেছে। কি সেই ভুল, সেটা বুঝাতেই আজ আমি একটি কাল্পনিক গল্পের ছায়াতলে বসেছি। 

সে অনেকদিন আগের কথা। প্রাইমারি স্কুলে পড়তাম। ক্লাসের মাস্টার মশাই তখন প্রতিদিন কিছু না কিছু প্রশ্ন দিতেন, তার উত্তরটা পরেরদিন বাড়ি থেকে  লিখে আনতে। যথারীতি সেদিনও দিলেন এমনই একটি প্রশ্ন। 

প্রশ্নটি ছিল; শূন্যস্থান পূরণ, 

রাজু’র বাবা রাজুকে মেরেছিল, তাই সে — করে কাল ভাত খায়নি। 

যথারীতি প্রতিদিনের ন্যায় পরেরদিন উত্তর লিখে স্কুলে গেছি। অন্যন্য ছেলেদের সাথে টেবিলের উপর খাতা জমা রেখে, মাস্টার মশাই আসবেন সেই অপেক্ষায় বসে রয়েছি। 

যথাসময়ে মাস্টার মশাই ক্লাসে প্রবেশ করলেন।

আমরা উঠে দাঁড়াতেই মাস্টার মশাই সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করতে বলেন। 

আমরা বসে পড়তেই মাস্টার মশাই একটা একটা করে নাম ডেকে ডেকে হাজিরা খাতায় আমাদের নাম নথিভুক্ত করেন। 

তারপর শুরু হল খাতা দেখার পালা। একটা একটা করে খাতা দেখে, আর যে যার মতো রাইট মার্ক দিয়ে ফেরত দেন। 

একসময় আমার খাতাটি হাতে নিয়ে মাস্টার মশাই গম্ভীর স্বরে আমাকে কাছে ডাকলেন। 

আমি কাছে যেতেই জোরসে দিলেন এক বেত্রাঘাত। 

তারপর আমি ডান হাত বাম হাতের বাহুতে দিয়ে দেখি, এক বেত্রাঘাতেই ফুলে উঠেছে। 

মাস্টার মশাই বললেন: তোর মতো ছাত্রের এমনটাই হওয়া উচিত। যা বস-গে, গেঁয়ো কোত্থেকে যে এসেছে।

আমি চুপ-চাপ নিজের জায়গায় বসে পড়ি।

মাস্টার মশাই তখন পেন্সিল হাতে বোর্ডে লিখে বুঝাতে থাকেন। 

রাজু’র বাবা রাজুকে মেরেছিল, তাই সে — করে কাল ভাত খায়নি। 

ওই যে শূন্যস্থান জায়গা, ওখানে “রাগ” শব্দটি ব্যবহার করতে হবে, তবেই বাক্যটি সম্পূর্ণ হবে, যেমন, 

রাজু’র বাবা রাজুকে মেরেছিল, তাই সে “রাগ” করে কাল ভাত খায়নি। 

তোমরা সবাই ঠিকই লিখেছ। আর মান্নান লিখেছে সম্পূর্ণ ভুল। আসলে গেঁয়ো ছেলে, তাই মান্নানের ভাষা জ্ঞানটুকুও নাই।

অন্যান্য ছেলেরা জিজ্ঞাসা করে; মান্নান কি লিখেছে স্যার?

স্যার বলেন: মান্নান লিখেছে রাগ না লিখে; লিখেছে ”আগ”, তাই আমি নিজেই লজ্জিত। 

মাস্টার মশায়ের কথা শুনে ক্লাসের যতো ছেলেরা সবাই হো-হো করে হাসতে থাকে আর বলে, গেঁয়ো ছেলেরা সব এমনই হয় স্যার।

আমি মাস্টার মশায়ের অনুমতি নিয়ে বলতে শুরু করি: 

আমি ছাত্র আপনি আমার শিক্ষক। তাই আমার কথা সম্পূর্ণ হলে, আমি আশা করবো আমার ভুল ত্রুটিগুলো শুধরে দিবেন।

মাস্টার মশাই, আমি গেঁয়ো ছেলে সেটাই আমার গর্ব। আমি যতটুকু জানি, “রাগ” শব্দের অর্থ শ্রুতিধারা। যার বিভিন্ন দিক নিয়ে বিদ্যমান। স্বর, তান ও লহরী, নানান প্রকার হতে পারে। যা মানুষের মনকে সিক্ততায় স্পন্দিত করে তোলে। 

আমি দেখলাম আপনার ওই শূন্যস্থান পূরণ করতে “রাগ” শব্দটির সাথে কোনো মিল খুঁজে পাচ্ছিনা, তাই আপনার ওই শূন্যস্থান পূরণ করতে রাগ শব্দটি ব্যবহার করতে আমার বিবেক থেকে বাধা দিয়েছিল। 

তাই বলে গেঁয়ো ভাষা? 

না মাস্টার মশাই ভাষা যা তাই। ভাষা কখনো গেঁয়ো বা শহুরে আলাদা হতে পারে না। তবুও যদি বলেন তাহলে, আমি বলবো ভাষার উৎপত্তিস্থল এক্কেবারে গেঁয়ো গ্রাম। তাছাড়া আপনি যেটা গেঁয়ো ভাষা বলছেন, তাহলে শুনুন মাস্টার মশাই, “আগ” এই শব্দটি এসেছে হিন্দি ভাষা থেকে। এর বাংলা অর্থ আগুন। 

অতএব কথা না বাড়িয়ে আসুন মাস্টার মশাই,  দেখি আমরা কোথায় কেমনভাবে কতো জায়গায় ভুল শব্দ বসিয়ে থাকি। “আগ” অর্থ যদি আগুন হয়!

রাগে আমার গা গরগর করছে। “রাগ” কখনো গরগর করেনা, “আগ” গরগর করে।

রাগের জ্বালায় ছটফট করে। “রাগ” কখনো জ্বলে না “আগ” জ্বলে। 

“রাগ” ধরাবি না, আমার মাথা গরম হলে রক্ষা পাবি না। “রাগ” কখনো ধরে না বা গরম হয়না। “আগ” ধরে এবং গরম হয়। 

এবার বলেন স্যার, এমন কি ভুল আমি করেছি?

ঠিক আছে, ঠিক আছে; অন্য একদিন বুঝিয়ে বলবো, বলে মাস্টার মশাই ক্লাস থেকে বেরিয়ে গেলেন। 

তারপর কোনোদিনই স্যার বুঝিয়ে বলেননি। আমিও আর জিজ্ঞাসা করতে সাহস পাইনি। সেই যে বেত্রাঘাত, তাই আর কি!


( আমার যা বলার বলেছি। আপনাদের বলার থাকলে অবশ্যই বলবেন।) 





Tuesday, 18 August 2020

স্বপ্নপুরী



স্বপ্নপুরী

আব্দুল মান্নান মল্লিক

তোমরা নিশ্চয় শুনেছ এই স্বপ্নপুরী মাঠের ঘটনা। সাগরের পর সাগর পেরিয়ে জনমানবহীন এক বিশাল মাঠ। শুধুই ধু-ধু করে, কোথাও কোথাও বালি পাথরের উঁচু নীচু ঢিবি। সমস্ত মাঠটা কাঁকুরে ভর্তি ও খাঁ-খাঁ করছে। দিনের বেলায় ঐগলো এমন উত্তপ্ত হয় যে, পা রাখা যায় না। মনে হয় এ যেন আমাদের এই পৃথিবীর বাইরে এক নতুন পৃথিবী। এই মাঠের কোথায় যে শেষ কে বা জানে। তবে পায়ে হেঁটে প্রায় তিন মাস চলার পর কোথাও কোথাও দু-একটা গুল্মজাতীয় গাছ দেখা যায়। এরপর থেকে যতই চলা যায়, এই সব গাছগাছালি ক্রমাগত বেশী দেখা যায়। আরও বেশ কয়েকদিন পথ চলার পরে এক গভীর অরণ্য। এমন গভীর অরণ্য পৃথিবীতে আর কোথাও আছে বলে মনে হয় না। তবে নিশ্চিন্ত যে, এখানে কোন হিংস্র বন্যপ্রাণীদের চিহ্নমাত্র নাই। কিছু কিছু রং-বেরঙের প্রজাপতি ও পাখি দেখতে পাওয়া যায়।
        জঙ্গলের গভীরে প্রবেশ করলে মনে হয়, এ যেন এক দিশেহারা কোন এক অলৌকিক স্বপ্নযাত্রীর যাত্রা। কোথাও কোথাও সুচি ছিদ্র দিয়ে সুর্যের আলো প্রবেশ করে। বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ। এখানে না খেয়ে কেউ মরবে না। কারণ যেমন ইচ্ছা তেমনি ফল খাও আর ঘুরে বেড়াও। হাঁ কেউ যদি একবার আসে আর ফিরতে ইচ্ছা করবে না। মনে হয় ঈশ্বর হয়তো মাঝেমধ্যে স্বয়ং পায়ে হেঁটে এসে পুরো অরণ্যটাকে দেখাশোনা করেন, তাই এত সৌন্দর্য হয়ে উঠেছে।
জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় এক বিশাল দিঘী। এটাই হচ্ছে গল্পে শোনা সেই পদ্মদিঘী। চক্ষু একেবারে জুড়িয়ে যায়। চারিদিকে কত সুন্দর সুন্দর গাছপালা, ফল ও ফুলে ভরা। পদ্মভরা দিঘী, রং-বেরঙের কত ফুল ফুটে আছে, আর রং-বেরঙের প্রজাপতিগুলো সুন্দর সুন্দর ফুলগুলোকে চুম্বন দিয়ে, আবার অন্য ফুলের উপর বসছে। তেমনই বিভিন্ন রঙের ছোট ছোট পাখিগুলো ঐ ফুল ও পাতার উপর কত সুন্দর খেলছে। গাছের উপরে ও কত রকমের রংবেরঙের ছোট ছোট পাখি। পাখিগুলো সব একসঙ্গে গাইতে শুরু করলে, মনে হয় বাদ্যযন্ত্র বাজছে।
          আঃ! এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে? নামের সঙ্গে নিখুঁত ভাবে মিল আছে বটে। লতাপাতার ফাঁক দিয়ে দেখা যায় দিঘীর নীল জল। স্তব্ধ দিঘীর নীল জল দেখলে মনে হয় যেন, পদ্মদিঘী নিজের সৌন্দর্যের অহঙ্কারে গাম্ভীর্য প্রকাশ করছে।
           হঠাৎ মনে পড়ে যায় ঠাকুরদার কথা, এটাই কি সেই স্বপ্নপুরী? যে সপ্নপুরীর ঘটনা ঠাকুরদার কাছে ছোট্ট বেলায় শুেনছিলাম। এখানেই কি নীলা পরীর বাস ?
            পরীধামের রাজা ছিলেন ভুবন, তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও ধর্মপরায়ন। তাই সবাই তার উপর বিস্বাস ও ভরসা রেখে তাকেই পরীধামের রাজা বানিয়েছিল। তিনিই হলেন পরীধামের রাজা, পরীরাজ। পরীরাজের তিন কন্যার ছোট কন্যা এই নীলা পরী। পরীরাজের খুব আদুরে কন্যা। যখন যা চাইত তাই পেত। বাচ্চাবেলায় ফুল ও পাখিদের সঙ্গে খেলতে খুব ভালবাসত। পরীরাজের একটি হীরণ্য নামে সৌখিন পাখি ছিল। নীলা ওই পাখির পিঠে চেপে সময় সময় উড়ে বেড়াতে ও খুব ভালবাসত।
           এই পরীধাম হইতে বেশ কিছুটা দূরে এক ডাইনী পরীর বাসস্থান। ডাইনী ছিল রক্তশোসক, ওখানকার সকলেই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই ডাইনী পরীর দূরদৃষ্টির শিকার হয়ে। ডাইনী দৃষ্টির নাগালে কাউকে পেলে ওখান থেকেই তার রক্ত শোসন করে নিত, ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই সে শুকিয়ে মারা যেত। শেষ বয়সে ডাইনী পরীর সেবা করার আর কে ছিল না। তাই নীলাকে পরীধাম হইতে চুরি করে নিয়ে আসে, নিজের সেবার জন্য। নীলা বহু কান্নাকাটি করলে ও ডাইনী কখনোই তার কাছ ছাড়া হতে দেয় নি। ডাইনী নীলাকে অনেক বোঝাতো, আজ থেকে আমিই তোর মা, আমাকে তুই মা বলে ডাকবি। এই বয়সে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে! কে বা দেখাশোনা করবে। তোকে আমি খুব ভালোবাসি, তুই ছাড়া আমার আর কে আছে বল?
            আয় আমার সঙ্গে, আয়না এই পাশের ঘরে, বলে নীলাকে পিছন পিছন নিয়ে গেল। নীলার অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে যেতে বাধ্য হল। নীলা ডাইনী পরীর হাতে দুটো কাঠি দেখতে পেল। একটা কালো আর একটা সাদা রঙের, সাদা কাঠিটা ঠেকাতেই ঘরের দরজা খুলে গেল। ঘরের দিকে তাকাতেই নীলার চক্ষু একেবারে ধাঁধিয়ে গেল। সোনাদানা, হীরাতে একেবারে ঘর ভরতি।
         ডাইনী নীলাকে বললো এই ঘরে যত সোনাদানা দেখছো আজ থেকে এইসবের মালিক তুই। নীলার এইসবের উপর মোটেই লোভ ছিলনা, তবুও ডাইনী পরীর কথামত ঘাড় নেড়ে সাঁই দিল। আর একটা পাশের ঘর দেখে নীলা জিজ্ঞাসা করলো মা, ওই ঘরটাতে কি আছে? ডাইনি পরী বললো, ওটা তোর এখন জানার দরকার হবেনা। প্রয়োজনে ও সময়ে আমি সব বুঝিয়ে বলব, বলে কালো কাঠি ঠেকাতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল। নীলা পরী সবটাই নিখুঁত ভাবে পরখ করে চলে। কারণ নীলা পরীর একটাই উদ্দেশ্য, ডাইনী পরীকে একেবারে শেষ করে দিয়ে এখান থেকে বেঁচে পালাতে হবে।
        রাতে শুয়ে নীলার কিছুতেই ঘুম আসছেনা। বিভিন্ন চিন্তায় ভিড় করছে নীলার মনে।
ডাইনী জিগ্যাসা করলো, মা তুই এখনো ঘুমাসনি? নীলা বললো, না মা, আমার ঘুম আসছেনা।
ডাইনী বললো, তুই কিছু চিন্তা করছিস মা?
নীলা বললো হাঁ মা।
ডাইনী বলে কেন, কিসের চিন্তা? আমিতো তোর পাশে আছি।
নীলা বললো, আজ তুমি আছ, আর যেদিন তুমি থাকবেনা সেদিন আমার কি হবে? কে আমাকে দেখবে?
শনে ডাইনী বলে, আরে পাগলী আমি থাকবোনা, এ কথা তোকে কে বললো?
নীলা বললো, একদিন না একদিন তো সকলকেই মরতে হবে।
ডাইনী বলে, দূর পাগলী, আমি কোনদিন মরবনা। আর আমার যাতে মরণ হবে, কেউ তা জানেনা, আর কেউ কোনদিন জানতে পারবেওনা।
জানিস নীলা, আমার কিসে মরণ হবে? সুধু মাত্র তোকেই আজ আমি বলছি, কিন্তু কোনদিন কাউকে বলিসনা।
নীলা বললো মা, কেউ কোনদিন নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে? তাহলে আমার কি হবে?
ডাইনি এবার বলতে লাগলো শোন তাহলে, পাশের যে ঘরটার কথা তুই জিগ্যাসা করছিলি, ওটা আমার জীবন ঘর। ঐ ঘরে একটা ছোট্ট পুতুল আছে। ঐ ঘরে কেউ যদি ঢুকে ঐ পুতুলের মাথা কেটে ফেলে, তাহলে আমি যেখানেই থাকিনা কেন আমার মাথা কেটে সেখানেই পড়ে যাবে, তখন আমি সঙ্গে সঙ্গে মারে যাবো। ঐ পুতুলের যে অঙ্গের ক্ষতি হবে আমারও সেই অঙ্গ চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে। ঐ ঘর কেউ কোনদিন খুলতে পারবেনা, কারণ ওর চাবি আমার হাতে। এই সাদা কাঠি আর এই কালো কাঠি।
এই কথা শুনার পরে নীলা মনে মনে ফন্দি আঁটতে থাকে, কিভাবে ঐ পুতুল ধংস করে শয়তানি ডাইনিকে মারা যায়!
          এইভাবে দিন যায় রাত যায়, নীলার পুতুল ধংস করার সুযোগ ঠিকমতো হয়ে ওঠে না। আর এই ফন্দি যদি ডাইনী পরি টের পেয়ে যায় তাহলে নীলার আর রক্ষা থাকবেনা। নিলাকে খুব সাবধানে কাজ করতে হবে। একদিন রাতের বেলায় ডাইনি বিভোর ঘুমে ঘুমিয়ে পড়লো। এই সুযোগে নীলা খুব সাবধানে উঠে ডাইনী পরীর মাথার কাছে রাখা কাঠি দুটোকে নিয়ে চুপিচুপি গিয়ে ডাইনি পরীর জীবন ঘরের দরজায় সাদা কাঠিটা ঠেকাতেই ঘর খুলে গেল। নীলা ঘরের একটি পুতুল ছাড়া আর কিছু দেখতে পেলনা। সোজা গিয়ে পুতুলটা হাতে নিয়ে প্রথমে একটা ঠ্যাং ভাঙতেই ভীষণ চিৎকারের আওয়াজ শুনতে পেল নীলা। দেরী না করে নীলা পুতুলের মুন্ডুটা টেনে ছিড়ে ফেলতেই চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে এসে নীলা দেখলো, ডাইনী পরী মৃত অবস্থায় ঘরের বারান্দা পড়ে আছে। দেখেই বোঝা যায় ডাইনি শুধু চিৎকারই করেনি, প্রচন্ড ছটফটও করেছে।
       তখন নীলা বেশ আকাশ পথে ও উড়তে শিখে গেছে। পরীদের কেউ যদি তিন মাস ঘরছাড়া হয়, সামাজিক ও ধর্মীয় নিয়মানুযায়ী তাকে আর কোনো দিন ও ঘরে তোলা হয় না। তাই এই সাত পাঁচ ভেবে নীলা পরী আর ঘরে ফিরে যায় নি। কারণ পরীধামের রাজা হচ্ছে পরীরাজ, নিজের বাবা। নীলা চাই না পরীধামের অমর্যাদা ও ধর্মের অবমাননা হক। আর তার সঙ্গে জড়িয়ে আছে বাবার মান মর্জাদা। তাই নীলা ডাইনীর এলাকা ছেড়ে  আশ্রয় নিয়েছিল এই স্বপ্নপুরীতে।
এখানে নীলার আপনজন বলতে কেউ ছিল না। পরবর্তীকালে নীলাম্বর ও নীলাম্বরী এই দুই দুঃসাহসী পাখি নীলার খুব কাছের বন্ধু হয়। নীলাম্বর আর নীলাম্বরী কেউ কাউকে ছেড়ে থাকতে পারত না। খেলতে খুব ভালবাসত, খেলতে খেলতে দুজনে এক সময় নীল আকাশের মধ্যে কোথাই হারিয়ে যেত। তাই পাখি দুটো নীলাম্বর ও নীলাম্বরী নামেই পরিচিত।
        পাখি দুটোকে নিয়েই নীলা পরী এখানে সুন্দর একটি ঘর বেঁধেছিল। নীলা কখনো কখনো ঘুমের ঘোরে বাবা মায়ের স্বপ্ন দেখে কাঁদতে থাকলে, নীলাম্বর ও নীলাম্বরী মিস্টি সুরে গান গেয়ে আবার ঘুম পাড়িয়ে দিত। পাখি দুটোকে নীলা নিজের প্রানের চেয়েও বেশী ভালবাসতো। তেমনি তারাও নীলাকে খুব ভালবাসত। পাছে নীলার যেন কোনও প্রকার অসুবিধা বা ক্ষতি না হয়। সেদিকে নীলাম্বর ও নিলাম্বরী খুব সজাগ ছিলো। নীলা যখন যা বলত নিমেষের মধ্যে সেটাই করত। এই ভাবেই তারা দিন কাটাতে থাকে।
পরবর্তীতে কি হয়েছিল সেটা আমার ঠাকুরদার কাছে শোনা হয়নি।

Saturday, 12 October 2019

লোভের আশায়, পাপই সহায়।

লোভের আশায়,
পাপই সহায়।

আব্দুল মান্নান মল্লিক

লোভ যেদিন চারিপাশে ঘিরে ধরে, সেদিন সবাই পর হয়ে যায়, থাকে শুধু প্রিয় জন বলতে একমাত্র পাপ। যতোই তুমি পাপকে এড়িয়ে চলতে মৃত্যু চাও, পাপ ততই বিকট হবে। তোমার মৃত্যুর পথ অবরোধ করে তোমাকে কুরে-কুরে খাবে।
ক্ষমতার অধিকার পেয়ে, ক্ষমতাকে অবৈধ কাজে ব্যবহার করে, টাকার পাহাড় গড়ে তুলেছ তাইনা? আসলেই সেটা, তোমার অজান্তে পাপের পাহাড়!
ঐ পাপের পাহাড় চাপা পড়ে ছটফট করতে থাকবে তোমার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তোমার সন্তানেরা। তোমার পাপের প্রায়শ্চিত্ত তাদেরকেই করতে হবে, যাদেরকে তুমি প্রাণের চেয়েও বেশী ভালোবাসতে।
ভেবে দেখেছ? সেদিন হয়তো থাকবেনা তুমি!

Thursday, 11 April 2019

ক্ষমতার সদ্ব্যবহার

ক্ষমতার সদ্ব্যবহার

আব্দুল মান্নান মল্লিক

১। প্রতিবাদী কথা হলেও এমন দৃষ্টিভঙ্গিতে বল, সে যেন তোমার কথার জবাব দেওয়ার সুযোগ পায়। তা নাহলে তোমার কথা হবে মূল্যহীন।
২। কাউকে শাসন কর, তার ক্ষমা চাওয়ার সুযোগ রেখে। এ-র বেশী তার কাছে প্রত্যাশা করা মানে অবৈধ প্রত্যাশা।

Saturday, 23 March 2019

ভ্রান্ত পথিক

ভ্রান্ত পথিক

আব্দুল মান্নান মল্লিক 

হায়রে হায় এ মানব সমাজ,
প্রাণনাশে প্রাণীর সেবা?
বিশ্বজুড়ে অভিনেতা,
কেবা আপন পর হয় কেবা?
জীবের ভক্তি শুনতে মিষ্টি,
রক্ত লোলুপ আত্মতুষ্টি!

মহত্ত্ব

মহত্ত্ব

আব্দুল মান্নান মল্লিক 

আত্মতৃপ্তি নয়, আত্মত্যাগই সর্বোত্তম বলি।
শয়তান দ্বারা গ্রাসিত আত্মাকে উদ্ধার করতে , ঘরে বসবাসকারী শয়তানকে হত্যা করার নামই বলি।
এ আমার ব্যক্তিগত মত।

চেতনা

চেতনা

আব্দুল মান্নান মল্লিক   

সমান সমান চৈতন্যময় সত্তায়,
বল প্রয়োগ পরমাত্মার দোহাই।
জ্ঞান মস্তিষ্ক থাকে যদি ধীর সুস্থতায়,
অসহায় প্রাণীকুলের মানব সহায়।
মহান সেই জন প্রমাণ যোগ্যতাই,
নচেৎ সমল হবে কঠোর পরীক্ষায়।